গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রেখেই সরকার বিভিন্ন
কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে পোনা মাছ অবমুক্তকরণ ও ৩৩টি প্রতিষ্ঠানের মাঝে পোনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল পুনর্খনন আন্দোলন এবং বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজকে সামনে রেখে বর্তমান সরকার দেশব্যাপী নানা সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনর্খনন, পরিবেশ রক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ব্যাপক মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি জোরদার করা হয়েছে। লক্ষ্মীপুরের প্রাণপ্রবাহ রহমতখালী খাল পরিষ্কারের ফলে বর্তমানে পানির স্বাভাবিক প্রবাহ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি সামাজিকভাবে এই প্রকল্পগুলোতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসআর