[email protected] শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩

বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৯ এএম

সংগৃহীত ছবি

১ অক্টোবর থেকে অর্থ জমা হবে তাৎক্ষণিক।

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন আরও সহজ ও দ্রুত করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর ব্যবহার করে কোনো পেমেন্ট সম্পন্ন হলে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে তাৎক্ষণিকভাবে অর্থ জমা দিতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক সব ধরনের পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে প্রদান করতে হবে।

একই দিন থেকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ২০২৫ সালের ২৪ নভেম্বর জারি করা এ-সংক্রান্ত আগের নির্দেশনা বাতিল হবে।

নতুন নির্দেশনায় ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্টের আইকন সহজে দেখা যায়—এভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে ২০২১ সালের ৬ জানুয়ারি জারি করা সার্কুলারে নির্ধারিত লোগো অনুসরণ করতে হবে।

এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর স্ক্যানের পাশাপাশি কিউআর কোডের ছবি (ইমেজ) আপলোড করেও পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।

একই সময়সীমার মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবের গ্রাহকদের মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে অর্থ পরিশোধের সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায় এসব নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এসআর

সম্পর্কিত খবর