[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩

ওসি রাকিবুলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০ পিএম

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া ও গ্রেপ্তারের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠান।

 

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।

 

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত অডিওটির সত্যতা যাচাইয়ের পাশাপাশি এর উৎস, কোনো ধরনের সম্পাদনা বা বিকৃতি হয়েছে কি না এবং এর সঙ্গে জড়িতদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে নির্ধারণের দাবি জানানো হয়।

 

এতে আরও বলা হয়, তদন্তে রাষ্ট্রদ্রোহের অপরাধের আইনগত উপাদান ও প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি রাষ্ট্রদ্রোহের অপরাধের প্রাথমিক প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য আইনানুগ পদক্ষেপ নেওয়ার আবেদন করা হয়েছে।

 

তদন্ত কার্যক্রমের স্বার্থে প্রয়োজন দেখা দিলে এবং প্রচলিত আইনে তার সুযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

লিগ্যাল নোটিশে তদন্তের অগ্রগতি এবং এ বিষয়ে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে, তা জনস্বার্থে যথাসম্ভব স্বচ্ছভাবে প্রকাশের অনুরোধ জানানো হয়।

 

নোটিশদাতা আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু বলেন, প্রচারিত অডিও রেকর্ডের প্রকৃত বিষয় উদঘাটনে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত জরুরি। তদন্তে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

নোটিশ পাওয়ার পর এ বিষয়ে কী ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জনস্বার্থে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর