ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির প্রতিনিধি পরিচালক মনোনয়নের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো শেয়ারধারক কোম্পানি তার নিট সম্পদের মূল্যের চেয়ে বেশি মূল্যের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে রাখতে পারবে না। নির্ধারিত সীমার বেশি শেয়ার কোনো কোম্পানির হাতে থাকলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে তা অনুমোদিত সীমায় নামিয়ে আনতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, শেয়ারধারক কোম্পানির প্রতিনিধি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদে মনোনীত ব্যক্তিকে সংশ্লিষ্ট কোম্পানির এমডি অথবা পরিচালক হতে হবে। পাশাপাশি মনোনয়নের আগে ওই কোম্পানিতে তার নিজস্ব শেয়ার মালিকানা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রতিনিধি পরিচালক হতে মনোনীত ব্যক্তির নিজের নামে সংশ্লিষ্ট কোম্পানির পরিশোধিত মূলধনের অন্তত ২ শতাংশ দায়মুক্ত শেয়ার থাকতে হবে। অন্য ধরনের কোম্পানির ক্ষেত্রে নিজস্ব শেয়ার মালিকানার ন্যূনতম হার নির্ধারণ করা হয়েছে ২০ শতাংশ।
নির্দেশনায় আরও বলা হয়েছে, শুধু প্রতিনিধি পরিচালক হওয়ার সময় নির্ধারিত শেয়ার থাকলেই হবে না। দায়িত্বে থাকা অবস্থায় পুরো সময়জুড়েই ওই পরিমাণ শেয়ার মালিকানা বজায় রাখতে হবে। দায়িত্ব পালনকালে নির্ধারিত মালিকানা কমে গেলে তা নতুন শর্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হিসেবে বিবেচিত হবে।
এ ছাড়া শেয়ারধারক কোম্পানির প্রতিনিধি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অনুমোদনের জন্য আবেদন করার সময় মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট কোম্পানিতে মালিকানা বা স্বত্বের প্রমাণপত্রও জমা দিতে হবে।
সার্কুলার জারির আগে ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন, তাদের পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হবে। এ বিষয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এসআর