আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
বৈঠকে নির্বাচন আয়োজনের প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা পরিকল্পনা এবং ভোটার ও নির্বাচনী কার্যক্রমের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে।
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে প্রতিনিধি পাঠাতে চিঠি দেওয়া হয়েছে। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের পাঠানো চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, আইন, পররাষ্ট্র, তথ্য ও সম্প্রচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), ডাক বিভাগ, বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও বৈঠকে থাকবেন।
ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে নভেম্বরের মাঝামাঝি সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে কমিশন।
এসআর