প্রাথমিক শিক্ষার্থীদের নিরাপত্তা, জীবনদক্ষতা ও বাস্তব জ্ঞান বাড়াতে নতুন কারিকুলামে বছরজুড়ে
১২টি জীবনঘনিষ্ঠ থিম প্রাধান্য দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার রাজধানীতে আয়োজিত 'সেফগার্ডিং লিডারশিপ সামিট'-এ প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান। তিনি বলেন, সরকার চায় না শিশুরা কেবল বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকুক, বরং কীভাবে নিরাপদ থাকা যায়, দায়িত্বশীল জীবন পরিচালনা করা যায় এবং বিভিন্ন পরিস্থিতি সামলানো যায়—সেসব বাস্তব দক্ষতাও যেন তারা শিখতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন অনুযায়ী প্রতিটি শিশুর জন্য নিরাপদ পরিবেশ ও কার্যকর শিক্ষা নিশ্চিত করতে এই কারিকুলাম সংস্কারের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, বছরের ১২টি মাসে নির্দিষ্ট থিম নির্ধারণ করে পাঠ্যবইয়ের গণিত, ভাষা ও অন্যান্য বিষয়ে সেই সম্পর্কিত উদাহরণ, প্রশ্ন ও আলোচনা যুক্ত করা হবে। যেমন—অগ্নিনিরাপত্তা থিম হলে সে সংক্রান্ত উদাহরণের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। একইভাবে সড়ক নিরাপত্তা, পানিতে নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও দুর্যোগ মোকাবিলার মতো বিষয়গুলোও প্রাধান্য পাবে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম নিরাপত্তা ও শিক্ষার মান নিশ্চিত করতে সরকার একটি অভিন্ন নীতিমালা তৈরি করছে। উচ্চমান বজায় রাখা প্রতিষ্ঠানগুলোর ভালো উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে সরকার মান উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করতে চায়। হেইলিবেরি ভালুকা ও ক্যামব্রিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সামিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ শিক্ষা খাতের শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসআর