[email protected] বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

মক্কার আকাশে ড্রোন: হামলার চেষ্টার নিন্দা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৬:৫৩ পিএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টার খবরের পর এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, মক্কা আল-মুকাররমাসহ সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের মর্যাদার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে। এসব পবিত্র স্থান সুরক্ষায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও মর্যাদা সব সময় সম্মান ও সুরক্ষিত রাখা প্রয়োজন।

 

সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের এ প্রতিক্রিয়া এলো। সাম্প্রতিক সময়ে সৌদি ভূখণ্ডে একাধিক হামলার খবর সামনে এসেছে। এর আগে গত ৮ সেপ্টেম্বরও সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছিল বাংলাদেশ।

 

এর আগে ইয়েমেনবিষয়ক সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, মঙ্গলবার ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি হুতি ড্রোন মক্কার দক্ষিণাঞ্চলের আকাশে শনাক্ত করা হয়।

 

সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি মক্কার জন্য নির্ধারিত নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়।

 

তবে মক্কাকে লক্ষ্য করে ড্রোন পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুতিরা। সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার এক বিবৃতিতে সৌদি দাবিকে ‘ঘৃণ্য মিথ্যা’ বলে উল্লেখ করেন।

 

তিনি দাবি করেন, হুতিদের সামরিক অভিযানের লক্ষ্য তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি; মক্কা নয়।

 

ফলে ড্রোনটির লক্ষ্য ও ঘটনাটির প্রকৃতি নিয়ে সৌদি কর্তৃপক্ষ ও হুতিদের বক্তব্যে স্পষ্ট বিরোধ রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর