[email protected] বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

তিন মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্পের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫:৪৯ পিএম

সংগৃহীত ছবি

তিনটি মেট্রোরেল প্রকল্পসহ মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪০ কোটি ৪০ লাখ টাকা।

 

এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন (জিওবি) থেকে ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা হিসেবে প্রকল্প ঋণ থেকে ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৯ লাখ টাকা জোগান দেওয়ার কথা রয়েছে।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে চলতি অর্থবছরের তৃতীয় একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৭টি এবং সংশোধিত প্রকল্প ৫টি।

 

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

 

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে যোগাযোগ অবকাঠামো খাতের কয়েকটি বড় প্রকল্প রয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের লাইন-৫ সাউদার্ন রুট, লাইন-৫ নর্দান রুটের প্রথম সংশোধন এবং লাইন-১-এর প্রথম সংশোধিত প্রকল্প অনুমোদন পেয়েছে।

 

এ ছাড়া রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের আওতাধীন জেলা মহাসড়কগুলোর মানোন্নয়ন ও প্রশস্তকরণের দুটি প্রকল্পও অনুমোদিত হয়েছে।

 

রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে ইলেকট্রিক ট্রাকশন চালু এবং বগুড়া-সিরাজগঞ্জ রুটে নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণের প্রথম সংশোধিত প্রকল্প রয়েছে।

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরিশাল সেনানিবাস স্থাপন প্রকল্পের দ্বিতীয় পর্যায় এবং খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

 

এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের টেক্সটাইল ও লেদার খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক প্রকল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মনপুরা দ্বীপাঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার পরিচালনা ও সম্প্রসারণ প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদিত হয়েছে।

 

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৫টি উন্নয়ন প্রকল্পের বিষয়েও একনেককে অবহিত করা হয়। এসব প্রকল্প এর আগে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছিলেন।

ছোট প্রকল্পগুলোর মধ্যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন, রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ, ভাসানচরে গ্রিন বেল্ট স্থাপন ও কক্সবাজারে বনায়ন, দেশি মুরগি গবেষণা ও সংরক্ষণ, অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং রংপুর জোনের বেইলি সেতু প্রতিস্থাপন উল্লেখযোগ্য।

এ ছাড়া আরডিএ ভবন নির্মাণ, জালালাবাদ সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন, সিলেটে বন্যা পূর্বাভাসের জন্য ৩ডি এলিভেশন মডেল, সৈয়দপুর ও খুলনার সামরিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, সামাজিক সুরক্ষার ‘SSPIRIT’ প্রকল্প, বরগুনা ও দিনাজপুর জেলা স্টেডিয়াম উন্নয়ন এবং সিলেট-১০ নম্বর অনুসন্ধান কূপ খননের দ্বিতীয় সংশোধিত প্রকল্পও রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর