[email protected] বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩

ছবি ছাড়া এনআইডি তৈরির সুযোগ নেই, রিট খারিজ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ১:৫৩ পিএম

সংগৃহীত ছবি

ছবি ছাড়া বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার ব্যবস্থা চালুর নির্দেশনা চেয়ে করা রিটের পর জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

ফলে বর্তমানে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র পাওয়ার কোনো সুযোগ থাকছে না।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল।

নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের আইনজীবী কামাল হোসেন মিয়াজী জানান, আদালত রুলটি খারিজ করেছেন। এর ফলে ছবি ছাড়া এনআইডি দেওয়ার বিকল্প ব্যবস্থা চালুর সুযোগ থাকছে না।

মামলার নথি অনুযায়ী, ইসলামী শরিয়াহ অনুসরণ করে পর্দা করেন—এমন দাবি করে রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে হাইকোর্টে রিট করেন। এ রিটে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে অথরিটি দেওয়া হয়।

এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন সুমাইয়া।

আবেদনে তিনি নিজেকে প্রাপ্তবয়স্ক ও পর্দানশীন মুসলিম নারী হিসেবে উল্লেখ করেন। ধর্মীয় বিধান অনুসরণের কারণে তিনি ছবি তোলেন না বলেও আবেদনে জানান।

ছবি না থাকার কারণে জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় বিভিন্ন সরকারি ও নাগরিক সুবিধা গ্রহণে সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে দাবি করেন তিনি।

এ অবস্থায় ছবি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে তার পরিচয় নিশ্চিত করে এনআইডি দেওয়ার ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়।

তবে নির্বাচন কমিশন থেকে ওই আবেদনের নিষ্পত্তি না হওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। রুলে ছবি ব্যবহার না করে বিকল্প পরিচয় বা বায়োমেট্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

পরবর্তী সময়ে এ বিষয়ে দীর্ঘ সময় ধরে শুনানি চলে। শুনানি শেষে বুধবার আদালত রুলটি খারিজ করে দেন।

ফলে ছবি ছাড়া এনআইডি তৈরির বিকল্প ব্যবস্থা চালুর আবেদন আদালতের মাধ্যমে বাস্তবায়নের পথ বন্ধ হলো।

রুল জারির সময় রাষ্ট্রপক্ষ থেকে রিটটির সাংবিধানিক ও বাস্তবিক দিক নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, নাগরিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা গ্রহণের ক্ষেত্রে ছবি দিয়ে পরিচয় নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে।

এমনকি হজ পালনের ক্ষেত্রেও ছবি তোলার প্রয়োজন হয়। একইভাবে ব্যাংক হিসাব খোলার সময়ও গ্রাহকের ছবি প্রয়োজন হয়।

রাষ্ট্রপক্ষ আরও বলেছিল, ছবি বাদ দিয়ে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালু হলে বাস্তবে পরিচয় নিশ্চিত করার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।

বিশেষ করে কোনো ব্যক্তির অর্থ অন্য কেউ তুলে নিলে প্রকৃত ব্যক্তিকে শনাক্ত করার বিষয়টি কীভাবে নিশ্চিত করা হবে, সে প্রশ্নও আদালতে তুলে ধরা হয়।

এ ছাড়া বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে চোখের আইরিশসহ বিভিন্ন তথ্য ব্যবহারের প্রয়োজন হলে পর্দার বিষয়টি কীভাবে সমন্বয় করা হবে, তা নিয়েও যুক্তি উপস্থাপন করা হয়েছিল।

দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট রুল খারিজ করায় ছবি ছাড়া এনআইডি দেওয়ার বিকল্প ব্যবস্থা চালুর দাবিটি আদালতের মাধ্যমে অনুমোদন পেল না।

এসআর

সম্পর্কিত খবর