২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে ইবতেদায়ি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল
ব্যবস্থা চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। জাতীয় সংসদে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই সংক্রান্ত পরিকল্পনার কথা প্রকাশ করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদীয় প্রশ্নোত্তর পর্বে এই বিষয়টি উত্থাপিত হয়।
মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল সুবিধা বাস্তবায়নের বিষয়ে জানতে চান। এর জবাবে শিক্ষামন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টিকে অগ্রাধিকার দিয়ে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এই পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীনে ‘মাদ্রাসা শিক্ষা উৎকর্ষ সহায়তা কর্মসূচি’ (এমইইএসপি) গ্রহণ করা হয়েছে। মন্ত্রী স্পষ্ট করেন যে, এই নির্দিষ্ট কর্মসূচির মাধ্যমেই নির্ধারিত মেয়াদের মধ্যে ইবতেদায়িসহ দেশের সকল মাদ্রাসায় ক্রমান্বয়ে মিড-ডে মিল কার্যক্রম পরিচালনা করা হবে।
এসআর