দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে
বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্যের ভিত্তিতে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
অন্য এক পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানান, দেশের আটটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বর্ষণ কিংবা বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে নির্দিষ্ট কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের সার্বিক তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসআর