রাজধানীর যানজট হ্রাস ও নৌপথের ব্যবহার বাড়াতে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে
ঢাকার চারপাশে পুনরায় ওয়াটার বাস চালু করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের প্রশ্নের জবাবে তিনি জানান, বিআইডব্লিউটিএ নতুন পরিকল্পনায় এই সেবা চালু করতে যাচ্ছে। মন্ত্রী উল্লেখ করেন, গত ১০ বছরে ওয়াটার বাস পরিচালনায় প্রায় ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে, যার বার্ষিক গড় লোকসান প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা। তাই বিগত দিনের ত্রুটিগুলো চিহ্নিত করে এবার নতুন উদ্যোগে কার্যক্রম শুরু করা হচ্ছে।
এছাড়া দেশের প্রায় ৭ হাজার ৫০০ কিলোমিটার নৌপথের মধ্যে সচল থাকা ১,২০০ কিলোমিটার পথে ড্রেজিং নিশ্চিত করা হচ্ছে বলেও সংসদে জানানো হয়। একই অধিবেশনে রাজধানীর চারপাশের পাঁচটি নদী দূষণমুক্ত করার উদ্যোগের কথা জানিয়ে নৌমন্ত্রী বলেন, ইতোমধ্যে বর্জ্য ফেলার ৪২৪টি দূষণস্থল চিহ্নিত করা হয়েছে। নদী রক্ষা ও তীর সংরক্ষণে ওয়াসা, বিআইডব্লিউটিএ, পরিবেশ মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনগুলোর সাথে সমন্বয় করে কাজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসআর