[email protected] বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩

অটোরিকশা নিয়ন্ত্রণে জাতীয় সংসদে নতুন নীতিমালার তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬ ৭:২৭ পিএম

সংগৃহীত ছবি

ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত অটোরিকশা সুশৃঙ্খলভাবে চলাচলের লক্ষ্যে নতুন বিধি ও

 নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৭ সেপ্টেম্বর) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চালকদের কর্মসংস্থান বজায় রাখা, পরিবেশ রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করে এই নীতিমালা বাস্তবায়ন করা হবে।

​সংসদে প্রশ্ন উত্থাপনকালে রেহানা আক্তার রানু জানান, বর্তমানে দেশে প্রায় ৮০ লাখ অটোরিকশা চলছে এবং প্রতিদিন শুধু ঢাকা শহরেই আরও ৩০০টি করে যুক্ত হচ্ছে। এসব যানবাহন চার্জ দিতে দিনে প্রায় ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যয় হচ্ছে, যা লোডশেডিংয়ের অন্যতম কারণ। এছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগের ফলে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। তিনি অটোরিকশা পুরোপুরি বন্ধ বা ডাম্পিং না করে বিকল্প সমাধান হিসেবে প্রধান সড়ক এড়িয়ে ভেতরের সড়কে চলাচল, সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জিং ব্যবস্থা, বিআরটিএ নিবন্ধন এবং এলাকাভিত্তিক জোনিং চালুর প্রস্তাব দেন।

​জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতোমধ্যে নীতিমালা চূড়ান্ত করেছে। নতুন নিয়মে কোনো অবস্থাতেই প্রধান প্রধান সড়কে অটোরিকশা চলতে দেওয়া হবে না, তবে নির্দিষ্ট ভেতরের সড়কগুলোতে চলাচলের অনুমতি থাকবে। এছাড়া পরিবেশের ক্ষতি রোধে প্রচলিত লেড-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে ডিজিটাল ট্র্যাকিং সুবিধাযুক্ত বিশেষ ব্যাটারি ব্যবহারের শর্ত দেওয়া হবে, যাতে একটি নিবন্ধনের অধীনে একাধিক গাড়ি না চালানো যায়। একই সঙ্গে অবৈধ চার্জিং স্টেশনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রেখে নতুন নীতিমালা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর