[email protected] রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

সময়মতো ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬ ৬:০৬ পিএম

সংগৃহীত ছবি

সময়মতো ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দীনেশ ত্রিবেদী

তিনি বলেছেন, সফর আয়োজনের বিষয়ে ভারত আত্মবিশ্বাসী এবং উপযুক্ত সময়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হবে।


সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন।


দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ভারত সরকারের পক্ষ থেকে সবসময় ভারত সফরের আমন্ত্রণ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে অবগত। পাশাপাশি দুই দেশের বিদ্যমান সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।


দুই দেশের সরকারপ্রধানের মধ্যে বৈঠক কবে হতে পারে—এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার কার্যক্রম কোনো বৈঠকের জন্য থেমে থাকার প্রয়োজন নেই। শীর্ষ পর্যায়ের বৈঠক এখন না হলেও পরবর্তী সময়ে হতে পারে। তবে দুই দেশের অভিন্ন স্বার্থের বিষয়গুলোতে কাজ এগিয়ে নেওয়া এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করাই গুরুত্বপূর্ণ।


পরিবেশ ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশ-ভারত সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, বায়ু, নদী, জলবায়ু ও বন্যপ্রাণী কোনো দেশের সীমান্ত মেনে চলে না। তাই এসব আন্তঃসীমান্ত সমস্যা মোকাবিলায় দুই দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন।


তিনি আরও বলেন, নির্মল বায়ু ও পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি কার্বন ক্রেডিট, সুন্দরবন রক্ষা এবং হাতির চলাচলের করিডোর ব্যবস্থাপনার মতো বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কার্যকর অগ্রগতি জরুরি।


এর আগে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দীনেশ ত্রিবেদী।


বৈঠক শেষে পরিবেশমন্ত্রী বলেন, রাজনৈতিক বা প্রশাসনিক পরিস্থিতির চেয়ে দুই দেশের মানুষের স্বার্থ এবং পারস্পরিক বাণিজ্যিক ও পরিবেশগত নির্ভরতার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। তাই সহযোগিতার কার্যক্রম থেমে থাকবে না। কর্মকর্তা পর্যায়ের আলোচনা এবং যৌথ উদ্যোগ আগের মতোই অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর