[email protected] সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু ঠেকাতে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬ ৪:২৭ পিএম

সংগৃহীত ছবি

ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ কার্যক্রমে সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও তা মোকাবিলায় করণীয় নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

সভায় ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলা এবং ময়লা-আবর্জনা যথাযথভাবে অপসারণের বিষয়ে মানুষকে সচেতন করার নির্দেশ দেন।

মশার প্রজননস্থল যাতে তৈরি না হয়, সে বিষয়ে নিয়মিতভাবে প্রচার চালানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমকে শুধু সরকারি উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করার প্রয়োজনীয়তার কথা বলেন।

পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্টের কর্মীদের যুক্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এসব সংগঠনের সদস্যদের মাধ্যমে মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর জোর দেন তিনি।

সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

বিশেষ করে উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের ব্যবহারের জন্য মশারি সরবরাহের বিষয়টিও সভায় উঠে আসে। আক্রান্ত রোগীকে মশা কামড়ানোর পর ওই মশার মাধ্যমে অন্য ব্যক্তির মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়ার কথা আলোচনা করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সেগুলোর বাস্তব প্রয়োগও দৃশ্যমান হতে হবে।

ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে বলেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি নেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর