আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।
প্রথম ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দ্বিতীয় ২৪ ঘণ্টায়ও এই আট বিভাগের অধিকাংশ স্থানে অনুরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিনে এসে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তবে এই তিন দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মধ্যপ্রদেশ এলাকায় থাকা লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর সঙ্গে মিলিত হচ্ছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ১৯৫ মিলিমিটার রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এসআর