[email protected] শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

দীর্ঘ আন্দোলনের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬ ৪:০৯ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি সংসদীয় গণতন্ত্রের ধারাও চালু করেছে।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

পরে বৈঠকের বিভিন্ন বিষয় সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদের অধিবেশনে উপস্থিতি সংসদীয় গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকারের ইতিবাচক বার্তা বহন করছে।


জবাবে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে বিএনপি। এ সময়ে দলের বহু নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।


তারেক রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও গণতন্ত্রের প্রতি সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।


তিনি বলেন, জনগণের গণতন্ত্র নিয়ে প্রত্যাশা অনেক বেশি। কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা গেলে দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও টেকসই অগ্রগতি সম্ভব হবে।


প্রধানমন্ত্রী আরও জানান, তাঁর সরকার নাগরিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষা এবং মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে।
আইপিইউ সেক্রেটারি বলেন, তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার পড়েছেন। সেখানে শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং কমিউনিটিভিত্তিক কর্মসূচির প্রশংসা করেন তিনি।


বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রগতির প্রশংসা করে আন্দা ফিলিপ বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর জনগণের আস্থা আরও বাড়বে।


বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে আইপিইউর অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহের কথাও জানান তিনি। তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর ১৫৩তম সম্মেলনে জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের মাধ্যমে দুই পক্ষের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গণতান্ত্রিক ব্যবস্থা আরও কার্যকর ও স্থায়ী করতে নাগরিকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন আইপিইউ সেক্রেটারি।


বৈঠকে নারীর ক্ষমতায়নের বিষয়টিও উঠে আসে। তরুণ ও নারী সংসদ সদস্যদের সঙ্গে তাঁর বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে আন্দা ফিলিপ তাঁদের উদ্যম ও আগ্রহের প্রশংসা করেন।


প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার। নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির পাশাপাশি অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পরিকল্পনার কথাও জানান তিনি।


এ ছাড়া ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।


বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর