[email protected] সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩

১১ সংসদীয় আসনের সীমানায় সংশোধন, নতুন গেজেট ইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৬ ৬:১৫ পিএম

সংগৃহীত ছবি

নতুন উপজেলা ও ইউনিয়ন পরিষদ গঠনের পর দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা সংশোধন করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনও রয়েছে।


রোববার (৩০ আগস্ট) এসব আসনের সংশোধিত সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক কাঠামোয় পরিবর্তনের কারণে কাগজে-কলমে আসনগুলোর সীমানায় সংশোধন আনা হয়েছে। তবে এতে আসনগুলোর ভৌগোলিক সীমানায় বড় কোনো বাস্তব পরিবর্তন হচ্ছে না।


সংশোধিত সীমানার ১১টি আসন হলো—ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।


ইসির গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনের সঙ্গে রুহিয়া ও ভুল্লী উপজেলা যুক্ত হয়েছে। সদর উপজেলা বিভক্ত করে নতুন এই দুটি উপজেলা গঠন করা হয়। গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উপজেলা দুটির অনুমোদন দেওয়া হয়েছিল।


বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলার পাশাপাশি নতুন গঠিত মোকামতলা উপজেলাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মে মাসে নিকার সভায় মোকামতলা উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়।


পিরোজপুর-১ আসনের আওতায় থাকছে পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলা। ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে যুক্ত হয়েছে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা। গত জুলাইয়ে নিকার সভায় দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন পায়।


ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানায় আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই ইউনিয়ন বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম নিয়ে আখাউড়ার সঙ্গে যুক্ত করে বরিশল ইউনিয়ন গঠন করা হয়। গত মে মাসে নতুন ইউনিয়নটির অনুমোদন দেওয়া হয়েছিল।


কুমিল্লা-৩ আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে নতুন গঠিত বাঙ্গরা উপজেলাকে যুক্ত করা হয়েছে। গত জুলাইয়ে নিকার সভায় বাঙ্গরা উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়।


এদিকে চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি উপজেলার সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা যুক্ত হয়েছে। কক্সবাজার-১ আসনের সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন গঠিত মাতারমুহুরি উপজেলাকে।


ইসি জানিয়েছে, নতুন উপজেলা ও ইউনিয়ন পরিষদ গঠনের ফলে প্রশাসনিক সীমানার সঙ্গে সংসদীয় আসনের সামঞ্জস্য আনতেই এই সংশোধন করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর