[email protected] রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩

গুম-খুন ও জুলাই শহীদদের পরিবারের পাশে সরকার থাকবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৬ ৬:০১ পিএম

সংগৃহীত ছবি

গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ হারানো এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পরিবারগুলোর প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গুম-খুনের শিকার ব্যক্তি এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সম্পদ সীমিত হলেও এসব পরিবারের জন্য সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা থাকবে। তাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, কোনোভাবেই তা পূরণ করা সম্ভব নয়। তবে সরকার অতীতের মতো ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।

 

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এমন একটি অনুষ্ঠানে অংশ নেওয়া একই সঙ্গে গর্ব ও বেদনার। যাদের আজ পরিবারের সদস্যদের সঙ্গে থাকার কথা ছিল, তাদের অনেকেই এখন নেই। তাদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

যারা নিখোঁজ বা আর পরিবারের মাঝে ফিরে আসেননি, তাদের বর্তমান অবস্থার বিষয়ে একমাত্র আল্লাহই অবগত—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তাদের জন্য দোয়া করার আহ্বান জানান।

 

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী সময়ের গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এসব আন্দোলনে যারা জীবন দিয়েছেন কিংবা নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন, তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

 

প্রধানমন্ত্রী বলেন, বাস্তবতার কারণে সব উদ্যোগ হয়তো প্রত্যাশিত গতিতে বাস্তবায়ন করা সম্ভব হয় না। তবে সরকার তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এসব লক্ষ্য পূরণের চেষ্টা অব্যাহত রাখবে।

 

যারা দেশের মানুষের জন্য নিজেদের জীবন ও ভবিষ্যৎ উৎসর্গ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ও আত্মত্যাগী পরিবারগুলোর জন্য সরকার সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে। তারা যে উদ্দেশ্য সামনে রেখে ত্যাগ স্বীকার করেছেন, সেই লক্ষ্য বাস্তবায়নই সরকারের অন্যতম দায়িত্ব।

 

আত্মত্যাগী পরিবারগুলোর ত্যাগকে সরকারের কাজের অনুপ্রেরণা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার তাদের পাশে দাঁড়িয়েছে—বিষয়টি শুধু এভাবে দেখলে হবে না। বরং তাদের ত্যাগ ও সহযোগিতাই সরকারকে আরও উদ্যম নিয়ে কাজ করার সাহস জোগায়। এসব পরিবারই সরকারের শক্তি ও প্রেরণার বড় উৎস।

 

শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সরকারের কাজে সহযোগিতা এবং উৎসাহ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাদের সমর্থন পেলে শহীদ ও অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের আত্মত্যাগীদের স্বপ্ন বাস্তবায়নে সরকার আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।

 

অনুষ্ঠানে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরেন।

 

এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক ও শাহরিয়ার পামিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর