[email protected] শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৬ ৯:৫২ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক নেতা মুহাম্মদ কাদের গনি চৌধুরী।

তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ১০(১) ধারা অনুসারে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য কাদের গনি চৌধুরীকে বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে এ নিয়োগের অন্যতম শর্ত হলো দায়িত্ব পালনের সময় তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে।

সাংবাদিকতা পেশায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কাদের গনি চৌধুরীর। ১৯৯৩ সালে দৈনিক দিনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে তার সাংবাদিকতা জীবনের শুরু।

পরবর্তী সময়ে তিনি দৈনিক ইত্তেফাক ও দৈনিক আমার দেশেও কাজ করেছেন। এছাড়া ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন কাদের গনি চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংবাদিকদের পেশাজীবী সংগঠনের নেতৃত্বেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি।

বর্তমানে বিএফইউজের মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য রয়েছেন।

এর আগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘ সময় ধরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সক্রিয় ভূমিকা রেখেছেন কাদের গনি চৌধুরী।

দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মুহাম্মদ কাদের গনি চৌধুরী ব্যক্তিজীবনে এক কন্যাসন্তানের জনক।

এসআর

সম্পর্কিত খবর