[email protected] শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গত বছরের চেয়ে কমেছে হত্যা-ধর্ষণ ও মব সহিংসতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৬ ৮:৩২ পিএম

সংগৃহীত ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

একই সঙ্গে তিনি চলতি বছরের প্রথম আট মাসের সঙ্গে ২০২৫ সালের একই সময়ের অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেছেন।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং মব সহিংসতার ঘটনা আগের বছরের তুলনায় কমেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নায় আবেদীনের প্রশ্নের লিখিত ও মৌখিক জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ২ হাজার ৬০৭টি। চলতি বছরের একই সময়ে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩২টিতে।

নারী ও শিশু নির্যাতনের ঘটনাও কমেছে। গত বছরের প্রথম আট মাসে এ ধরনের ঘটনা ছিল ১১ হাজার ২৬৯টি। চলতি বছরের একই সময়ে তা কমে হয়েছে ৯ হাজার ৩৪৭টি। একইভাবে ধর্ষণের ঘটনা ৪ হাজার ৬৬৬টি থেকে কমে ৪ হাজার ৪০২টিতে নেমেছে।

মব সহিংসতার ক্ষেত্রেও নিম্নমুখী প্রবণতার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি-আগস্ট সময়ে মব সহিংসতার ৮৯টি ঘটনা ঘটেছিল। চলতি বছরের একই সময়ে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৬টিতে। এ ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ করতে সরকার কাজ করছে বলেও সংসদে জানান তিনি।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও সহিংসতার ঘটনাও কমেছে বলে দাবি করেন সালাউদ্দিন আহমদ। ২০২৫ সালের একই সময়ে এ ধরনের ঘটনা ৯৯৯টি থাকলেও চলতি বছরের প্রথম আট মাসে তা কমে ১৬৩টিতে নেমেছে।

এদিকে সুন্দরবন ও উপকূলীয় এলাকায় জলদস্যু ও বনদস্যু দমনে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর দক্ষিণাঞ্চলের সংসদ সদস্য ও মন্ত্রীদের অনুরোধে ‘অপারেশন রিস্টোর পিস’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ডের নেতৃত্বে র‌্যাব ও পুলিশের সমন্বয়ে এসব অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি বেশ কয়েকজন জলদস্যু ও বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দস্যুতার সঙ্গে জড়িতদের স্বাভাবিক জীবনে ফেরাতে একপর্যায়ে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ এবং ক্ষমা পাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

এতে কিছুটা সাফল্য এলেও আত্মসমর্পণকারীদের কয়েকজন পরবর্তী সময়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যায়।

এ কারণে আত্মসমর্পণকারীদের পুনরায় অপরাধে জড়ানো ঠেকাতে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সংসদ সদস্যদের নোটিশ ও অনুসন্ধানের ভিত্তিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত তথ্য-উপাত্ত সংসদে তুলে ধরার প্রস্তুতি সরকারের রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসআর

সম্পর্কিত খবর