[email protected] বৃহঃস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন, উঠতে পারে একাধিক গুরুত্বপূর্ণ বিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৬ ৬:২৪ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট)। বিকেল ৩টায় অধিবেশন বসার কথা রয়েছে।

এবারের অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাসের পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে।

সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বুধবার গণমাধ্যমকে জানান, এবারের অধিবেশন তুলনামূলক সংক্ষিপ্ত হতে পারে।

গুরুত্বপূর্ণ কয়েকটি বিলের কার্যক্রম শেষ করার পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের বিষয়টি প্রাধান্য পাবে। বিরোধী দল কোনো গুরুত্বপূর্ণ বিষয় সংসদে তুললে তা নিয়েও আলোচনা হতে পারে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তৃতীয় অধিবেশন আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী গত ১১ আগস্ট রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধানের বিধান অনুযায়ী, সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশন বসার ক্ষেত্রে ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না।

এর আগে গত ১৫ জুলাই দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছিল। ফলে ১১ সেপ্টেম্বরের মধ্যে নতুন অধিবেশন শুরু করার সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল।

তবে জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের কর্মসূচি রয়েছে।

এ কারণে নির্ধারিত সময়ের আগেই সংসদের তৃতীয় অধিবেশন শুরু করা হচ্ছে। অধিবেশন শেষ হওয়ার পর ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

যেসব বিল আসতে পারে

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন—এই তিনটি বিল ইতোমধ্যে সংসদে উত্থাপনের জন্য জমা পড়েছে।

এর বাইরে মন্ত্রিসভায় অনুমোদিত ব্যাংক রেজ্যুলেশন (সংশোধন) আইন এবং র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত বাহিনী গঠনের উদ্দেশ্যে প্রস্তাবিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনও বিল আকারে সংসদে উত্থাপনের জন্য শিগগির জমা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, এসব বিল উত্থাপনের পর চলমান অধিবেশনেই কয়েকটি বিলের আইন হিসেবে অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠনের বিষয়েও অধিবেশনে সিদ্ধান্ত আসতে পারে।

এসআর

সম্পর্কিত খবর