[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪ ৭:৪২ এএম

ফাইল  ছবি

রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রংপুরে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, "বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার ওপর যদি কোনো হস্তক্ষেপ বা আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা ঘটে, বা রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটে, তাহলে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে।"

তিনি আরও জানান, "একটি গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যে-ই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।"

এ সময় তিনি উল্লেখ করেন, "এতে কোনো সম্প্রদায়কে বিচার করা হবে না, বরং আইনশৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে।"

তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেননি যে, কোন গ্রেফতারের ঘটনা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। তবে সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারকৃত ব্যক্তি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস। গত সোমবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার তাকে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করা হলে, জামিন শুনানি শেষে বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নাকচ করে দেন। জামিন নামঞ্জুরের পর প্রিজন ভ্যানে থাকা অবস্থায় চিন্ময় কৃষ্ণ দাস তার অনুসারীদের শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানান।

এক ভিডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, "রাষ্ট্র অস্থিতিশীল হয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয়, কিন্তু আমরা তা চাই না। আবেগকে সংযত করে, শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন।"

এদিকে, জামিন নামঞ্জুরের পর চট্টগ্রামে তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন, এবং দেশজুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রতিবাদ বাড়ছে।

 

এসআর

সম্পর্কিত খবর