দেশের কয়েকটি অঞ্চলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কিছু এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি নিয়ে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদদের ধারণা, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার চিত্রে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কয়েকটি স্থানে মাঝারি মাত্রার ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টিপাতের প্রভাবে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে এখনো দেশের বেশ কিছু অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
বর্তমানে চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ বইছে, যা আগামী কিছু সময় অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এসআর