[email protected] বুধবার, ৩ জুন ২০২৬
২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন মন্ত্রীর কাছে জমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুন ২০২৬ ৮:৫২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করা হয়।

 

গত ২৭ মে ভোরে হাসপাতালের একটি ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হলে বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

 

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন ইতোমধ্যে জমা পড়েছে। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে গঠিত পৃথক তদন্ত কমিটি তাদের অনুসন্ধান প্রতিবেদন আগামীকাল জমা দেওয়ার কথা রয়েছে।

 

এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল বিকেল ৪টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

 

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে প্রায় তিন ঘণ্টার মধ্যে হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। এ ঘটনার পর এক নবজাতকের স্বজন রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন।

 

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন কার্যক্রমে অসঙ্গতির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন। ঘটনার তদন্তে গঠিত তিন সদস্যের কমিটিকে প্রাথমিকভাবে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও তারা অতিরিক্ত সময়ের আবেদন করে। পরে ৩ জুন পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়।

 

তদন্ত কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধিদপ্তরের আরেকজন প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিলেন।

 

এদিকে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ এক পর্যায়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের তদন্ত প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিলেও পরে তা স্থগিত করে। একই দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

 

এখন সংশ্লিষ্ট মহলের নজর রয়েছে তদন্ত প্রতিবেদনের পর্যবেক্ষণ ও সুপারিশের ওপর, যা নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসআর

সম্পর্কিত খবর