রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজ বুধবার দিন নির্ধারণ করেছেন আদালত।
রামিসা হত্যা মামলায় আসামিদের বক্তব্য উপস্থাপনের শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজ বুধবার দিন নির্ধারণ করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার পর বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরবেন। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারার আওতায় এই শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার মামলাটির সাক্ষ্যগ্রহণ ও সাক্ষীদের জেরা কার্যক্রম সম্পন্ন হয়েছে। চার্জশিটে অন্তর্ভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ পর্বের সমাপ্তি ঘটে।
সাক্ষ্যগ্রহণের শুরুতে ভুক্তভোগী শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা আদালতে জবানবন্দি দেন। পরবর্তী সময়ে শিশুটির মা, বড় বোন, নিকটাত্মীয়, প্রতিবেশী, ঘটনাস্থল সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালতে সাক্ষ্য প্রদান করেন।
এ ছাড়া সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা, ময়নাতদন্তকারী চিকিৎসক, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী বিচারিক কর্মকর্তা এবং মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারাও আদালতে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।
মামলাটির পরবর্তী ধাপ হিসেবে আজ আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হবে, যা বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এসআর