জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এ সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা, গ্রহণযোগ্যতা এবং কূটনৈতিক সক্ষমতার প্রতিফলন।
তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে ড. খলিলুর রহমান বিশ্ব সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি কার্যকর নেতৃত্ব দেবেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ দায়িত্ব পালনে তার সর্বাত্মক সাফল্য কামনা করেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে ৯৯ ভোট পেয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান।
এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ সময় পর আবারও বাংলাদেশের একজন কূটনীতিক এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হলেন।
এসআর