বিভিন্ন উন্নয়ন ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি যাত্রা শুরু করেন।
সফরসূচি অনুযায়ী, তিনি জেলার দুটি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা এবং জেলা বিএনপির সাংগঠনিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মাঠ ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
সমাবেশস্থলে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালে বিএনপির একজন নেতা হিসেবে চাঁদপুর সফর করেছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম সরকারি সফর জেলাটিতে।
এর আগে শুক্রবার রাতে সমাবেশস্থল পরিদর্শন করেন সরকারের কয়েকজন মন্ত্রী। তাদের মধ্যে ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
এসআর