প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসে চাঁদপুর ও ফেনী জেলা সফরের পরিকল্পনা করেছেন।
নির্ধারিত সূচি অনুযায়ী তিনি ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন।
বুধবার (৬ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী জানান, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে খাল পুনঃখনন কর্মসূচি জোরদার করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর ও ফেনীতে গিয়ে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি আরও জানান, বিভিন্ন জেলায় এ কর্মসূচি চালু রয়েছে এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরাও নিজ নিজ এলাকায় কাজ এগিয়ে নিচ্ছেন। বর্ষা শুরুর আগে মে মাস পর্যন্ত এই কার্যক্রম চলবে, পরে মৌসুম শেষে আবার নতুন করে শুরু করা হবে।
সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। এ বিষয়ে দ্রুতই সরকারের সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
এসআর