[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

৫ আগস্ট-পরবর্তী মামলার তালিকা চেয়ে যাচাই প্রক্রিয়া শুরু করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৬ ৪:৩৮ পিএম

সংগৃহীত ছবি

২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত মামলাগুলো পর্যালোচনার উদ্যোগ নিয়েছে সরকার।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সারা দেশের জেলা প্রশাসকদের কাছ থেকে এসব মামলার বিস্তারিত তালিকা চাওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।


বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের হওয়া অনেক মামলায় বিপুলসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলার প্রকৃততা যাচাই করে প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হবে।

একই সঙ্গে অপ্রাসঙ্গিক বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের বিষয়ে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।


তিনি আরও বলেন, জেলা ভিত্তিক মামলার সংখ্যা মহানগর এলাকায় তুলনামূলক বেশি হলেও প্রত্যন্ত অঞ্চলে তা কম। তাই সব জেলার তথ্য একত্র করে সামগ্রিক মূল্যায়ন করা হবে।


যাচাই প্রক্রিয়ার সময়সীমা সম্পর্কে মন্ত্রী জানান, জেলা প্রশাসকদের কাছ থেকে এক মাসের মধ্যে তালিকা পাঠানোর জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। তবে ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজন হলে বিলম্বিত তথ্যও বিবেচনায় নেওয়া হবে।


পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হবে বলে জানান তিনি। প্রথমে তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হবে, এরপর তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সেখানে সংশ্লিষ্ট কমিটি যাচাই-বাছাই শেষে উপযুক্ত মনে করলে মামলা প্রত্যাহারের সুপারিশ করবে। পরে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর