ভারতের পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, দেশের কূটনৈতিক অবস্থান নির্ধারিত হয় নিজস্ব স্বার্থ ও নীতির ভিত্তিতে, অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতির ওপর নয়।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনের পররাষ্ট্রবিষয়ক অধিবেশনে অংশ নেওয়ার পর তিনি জানান, ‘বাংলাদেশ প্রথম’ নীতিকে সামনে রেখেই সব আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হচ্ছে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভারতের নির্বাচন তাদের নিজস্ব বিষয়। সেখানে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের কূটনৈতিক নীতিতে পরিবর্তন আসবে না। পারস্পরিক সম্মান ও আলোচনার ভিত্তিতেই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।
জেলা প্রশাসক সম্মেলনে আলোচ্য বিষয় প্রসঙ্গে তিনি বলেন, অবৈধ অভিবাসন ঠেকাতে স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক নাগরিক দালাল চক্রের ফাঁদে পড়ে বিদেশে গিয়ে নানা ঝুঁকির মুখে পড়ছেন—এ বিষয়ে সচেতনতা তৈরি করতে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মাঠ প্রশাসনের সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়। প্রতিমন্ত্রী জানান, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা যে কোনো সময় মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে মতামত বা পরামর্শ দিতে পারবেন।
এসআর