[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সামনের পাঁচ দিনজুড়ে বৃষ্টির দাপট, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে ২০২৬ ৯:৫৩ পিএম

সংগৃহীত ছবি

দেশের ওপর দিয়ে বিস্তৃত লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিনজুড়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা জোরালো থাকতে পারে।

কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এমনকি অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে এই সময় পার হলে বৃষ্টি কমে গিয়ে তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শনিবার (২ মে) সন্ধ্যা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, প্রথম দিন ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায়ও দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।


পরবর্তী দিনগুলোতেও বৃষ্টির এই ধারা অব্যাহত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাত তুলনামূলক বেশি হতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।


সোমবার নাগাদ বৃষ্টির বিস্তৃতি কিছুটা বাড়তে পারে এবং দেশের আরও কয়েকটি অঞ্চলে তা ছড়িয়ে পড়বে। এসময় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


মঙ্গলবারের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপর বুধবার আবার কিছু অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে, বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে।


এই কয়েক দিনে দিন-রাতের তাপমাত্রা খুব বেশি পরিবর্তন না হলেও মাঝেমধ্যে সামান্য ওঠানামা করতে পারে। ঢাকাসহ বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার গতিবেগ বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


আবহাওয়া অফিস জানিয়েছে, পাঁচ দিনের পর বৃষ্টির প্রবণতা কমে গিয়ে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর