হাওর এলাকায় আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে ধান ও চাল সংগ্রহের সময়সীমা এগিয়ে এনেছে সরকার। পূর্বনির্ধারিত ১৫ মের পরিবর্তে আগামীকাল রোববার (৩ মে) থেকেই নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই ছয়
জেলায় সংগ্রহ কার্যক্রম শুরু হবে। খাদ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিশেষ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাওর অঞ্চল বাদে দেশের অন্যান্য জেলায় আগের ঘোষণা অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল কেনা শুরু হবে। চলতি বোরো মৌসুমে সারা দেশ থেকে সব মিলিয়ে ১৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চাল।
সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। এ ছাড়া ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার টন গম সংগ্রহেরও পরিকল্পনা রয়েছে। সরকারি এই ধান-চাল সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।
এসআর