[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাওরাঞ্চলে বোরো ধান সংগ্রহ শুরু হচ্ছে আগেভাগেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে ২০২৬ ৯:৫৩ পিএম

সংগৃহীত ছবি

আকস্মিক জলোচ্ছ্বাস ও প্রতিকূল আবহাওয়ার কারণে হাওর অঞ্চলের কৃষকদের ক্ষতি কমাতে ধান সংগ্রহ কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

যেখানে সারা দেশে ১৫ মে থেকে সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা ছিল, সেখানে হাওর এলাকার কয়েকটি জেলায় তা এগিয়ে এনে ৩ মে থেকে শুরু করা হচ্ছে।


খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখা থেকে ৩০ এপ্রিল জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের উৎপাদিত ধান দ্রুত সরকারি গুদামে সংগ্রহের মাধ্যমে তাদের আর্থিক ক্ষতি কমানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই ছয়টি হাওরপ্রধান জেলায় অগ্রাধিকার ভিত্তিতে ধান সংগ্রহ শুরু হবে নির্ধারিত সময়ের প্রায় ১২ দিন আগে।


এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা এবং মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনায় রেখেই দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, আগাম সংগ্রহ কার্যক্রম চালুর মাধ্যমে কৃষকরা যাতে দ্রুত তাদের ধান বিক্রি করতে পারেন এবং ন্যায্য মূল্য পেয়ে আর্থিকভাবে কিছুটা স্বস্তি পান, সেটিই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

এসআর

সম্পর্কিত খবর