আগামী বছরগুলোতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সঠিক সময়ে অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী
জানান, এবারের পরীক্ষাটি গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হওয়ার কথা থাকলেও কোনো কারণে তা সম্ভব হয়নি।
তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে দ্রুততম সময়ে এই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয় এবং তা বাস্তবায়ন করে। আগামীতে বৃত্তির নীতিমালা, অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির পরিমাণ বাড়ানোর বিষয়টিও পুনর্বিবেচনা করার পরিকল্পনা সরকারের রয়েছে।
কোচিং বাণিজ্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সমাজে গেড়ে বসা এই সমস্যা সমাধানে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোচিং নিয়ন্ত্রণে বেশ কিছু নতুন নীতিমালা ও উদ্ভাবনী উদ্যোগ চিহ্নিত করা হয়েছে, যা শিগগিরই পরীক্ষামূলকভাবে চালু করা হবে। তবে প্রাথমিক বৃত্তিকে কেন্দ্র করে এখনো বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি। সরকারের মূল লক্ষ্য হলো পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং কোচিংয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে আনা।
স্কুলের অবকাঠামো উন্নয়ন নিয়ে ববি হাজ্জাজ আরও জানান, সারা দেশে 'দৃষ্টিনন্দন প্রজেক্ট' ও 'পিডিপি ফাইভ'-এর মতো বড় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে শ্রেণিকক্ষ বৃদ্ধি, আধুনিক নকশা ও ফার্নিচার সরবরাহ এবং প্রয়োজনীয় ওয়াশরুম নির্মাণের মতো কাজগুলো করা হবে।
তিনি ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে কেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ-সুবিধা তদারকি করছেন। কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
এসআর