দেশের চারটি বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও
সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
এই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে সারা দেশের আবহাওয়ার পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে।
কোনো কোনো স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা প্রসঙ্গে অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এসআর