[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বিমানের তেল চুরির দায়ে ডিপো ব্যবস্থাপকসহ চারজন সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ ৮:৪১ পিএম

নারায়ণগঞ্জের গোদনাইল থেকে রাজধানীর কুর্মিটোলা ডিপোতে পরিবহনের সময় ৭২ হাজার লিটার জেট ফুয়েল (বিমানের জ্বালানি) চুরির অভিযোগে পদ্মা অয়েল কর্তৃপক্ষের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি তাদের শোকজ করা হয়।

১. মো. সাইদুল হক (তৎকালীন ব্যবস্থাপক, কুর্মিটোলা এভিয়েশন ডিপো)

২. ছামির উদ্দিন (চুক্তিভিত্তিক কর্মকর্তা)

৩. আকতার কামাল (চেকার)

৪. শওকত কাজি (সিকিউরিটি নায়েক)

গত ১১ মার্চ এই বড় ধরনের জ্বালানি চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ১৪ মার্চ কোম্পানির উপ-মহাব্যবস্থাপক মো. শফিউল আজমের নেতৃত্বে একটি তদন্ত দল গঠন করা হয়। প্রাথমিক তদন্তে চুরির প্রমাণ পাওয়ায় ১৫ মার্চ প্রধান অভিযুক্ত সাইদুল হককে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছিল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান অভিযুক্ত সাইদুল হকের বিরুদ্ধে তেল চুরির অভিযোগ দীর্ঘদিনের। এর আগেও গত বছরের ২০ জানুয়ারি তাকে সতর্ক করা হয়েছিল। এমনকি সনদ জালিয়াতি ও আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের দায়ে বর্তমানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে তদন্ত চলছে।

​সাইদুল হক ২০১৯ সালে ব্যাংক ঋণ নেওয়ার সময় ভুয়া বেতন সনদ দাখিল করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

​দুদকের তথ্যমতে, ঢাকার বনানীতে তার প্রায় আড়াই কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল ফ্ল্যাট ও একটি দামি গাড়ি রয়েছে।

​তিনি পদ্মা অয়েলের সাবেক শ্রমিক নেতা ও বর্তমানে বরখাস্ত হওয়া মো. আমিনুল হকের ছোট ভাই।

​বিপিসি ও পদ্মা অয়েল কর্তৃপক্ষ এই সিন্ডিকেটের নেপথ্যের মূল হোতাদের ধরতে বর্তমানে আরও বিস্তৃত তদন্ত পরিচালনা করছে।

এসআর

সম্পর্কিত খবর