আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান। এই কর্মসূচির আওতায় দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর অবশিষ্ট সকল শিক্ষকদের
ইংরেজি বিষয়ে উন্নত প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রাথমিক পর্যায়ে ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র অধীনে ইতিমধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অবশিষ্ট শিক্ষকদের নতুন কর্মসূচির আওতায় দক্ষ করে তোলা হবে।
বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও সুনীল অর্থনীতির (Blue Economy) সম্ভাবনা নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে ‘জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠার বিষয়টি সরকারের নির্বাচনি ইশতেহারে রয়েছে।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, সামুদ্রিক সম্পদ, মৎস্য ও পর্যটন খাতের সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে একটি সুসংগত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। ভৌগোলিক গুরুত্ব ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় নিয়ে আগামী ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে। মূলত ২০০৫ সালে তৎকালীন বিএনপি সরকারের প্রণীত ‘উপকূলীয় অঞ্চল নীতি’র ধারাবাহিকতায় এই উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করা হচ্ছে।
এসআর