[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে সোয়া ২ কোটি টাকার রূপা, ওষুধ ও মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ৫:১৭ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে সোয়া দুই কোটি টাকারও বেশি মূল্যের রূপার তৈজসপত্র, বিদেশি ওষুধ এবং মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল) আগত

 বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।

​কাস্টমস গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ২ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৩৫৪ টাকা। এর মধ্যে রয়েছে:

​রূপার তৈজসপত্র: ৫৪ কেজি (ব্যবহৃত ও ভাঙা অংশ)। বাজারমূল্য প্রায় ১ কোটি ৬২ লাখ ৩ হাজার ৭০০ টাকা।

​বিদেশি ওষুধ: ২৫ হাজার ৯৩৫ পিস। বাজারমূল্য প্রায় ৬৩ লাখ ৫৫ হাজার ৬৫৪ টাকা।

​লিকার (মদ): ১৬ লিটার। বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।

​বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইটগুলোতে এই তল্লাশি চালানো হয়:

​রোম থেকে আসা ফ্লাইট (BG-356): এই ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ থেকে কৌশলে লুকিয়ে রাখা ৫৪ কেজি রূপা উদ্ধার করা হয়।

​তুরস্ক থেকে আসা ফ্লাইট (TK-712): স্ক্যানিংয়ের মাধ্যমে এক যাত্রীর ব্যাগেজে আমদানি নিয়ন্ত্রিত ওষুধের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি ওষুধ জব্দ করা হয়।

​কাতার থেকে আসা ফ্লাইট (QR-638): তিনজন যাত্রীর কাছ থেকে ১৬ লিটার বিদেশি লিকার আটক করা হয়।

​গুয়াংজু থেকে আসা ফ্লাইট (BG-367): এই ফ্লাইটের দুইজন যাত্রীর কাছ থেকে ১২টি নতুন মোবাইল ফোন ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

​কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটককৃত সব পণ্য পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।

​এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে যে, সরকারের রাজস্ব ফাঁকি রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ চোরাচালান ও অনিয়মের বিরুদ্ধে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর