[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে রাশিয়ান নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ১২:২৯ পিএম

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বন্ধুত্বের অংশ হিসেবে চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ 'রেজকি' এবং 'সোভারচেনি' মঙ্গলবার (২৪ মার্চ) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে নৌবাহিনীর জাহাজ

 বানৌজা ওমর ফারুক সেগুলোকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় এবং বন্দরে পৌঁছানোর পর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যর্থনা প্রদান করেন।

এই সফরে রাশিয়ান প্রতিনিধি দলটি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ রাশিয়ান নাবিক ইউভি রেডকিনের সমাধিস্থল 'রেডকিন পয়েন্টে' পুষ্পস্তবক অর্পণ করবেন।

চার দিনের এই অবস্থানকালে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের কর্মসূচি রয়েছে, যা উভয় দেশের নৌ-সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে জাহাজ দুটি আগামী ২৭ মার্চ বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর