[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

ঈদযাত্রায় ভাড়া তালিকা প্রদর্শনের নির্দেশ, পুরোনো বাস চলাচলে কঠোর নজরদারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ৬:২২ এএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বাস কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়ার তালিকা স্পষ্টভাবে টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।


শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল-এ বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, ঈদের সময় সড়কে ফিটনেসবিহীন বা জরাজীর্ণ বাস চলাচল ঠেকাতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হবে। যাত্রীদের সহায়তার জন্য টার্মিনালগুলোতে হেল্প ডেস্ক চালু থাকবে এবং নিরাপত্তা জোরদারে বিভিন্ন ইউনিট মোতায়েন করা হবে।


তিনি আরও বলেন, যাত্রীসেবার স্বার্থে কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব এবং সাদা পোশাকের পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিবি, সোয়াট ও ট্রাফিক পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।


ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও লরির চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলে জানান তিনি। এছাড়া কোনো পরিবহন প্রতিষ্ঠান নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও সতর্ক করে দেন।


তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হতে পারে।


এদিকে যাত্রীদের দুর্ভোগ কমাতে পরিবহন মালিক ও শ্রমিকরা একসঙ্গে কাজ করছে বলে জানান বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, ঈদ উপলক্ষে যাত্রীসেবা স্বাভাবিক রাখতে সবাই সমন্বিতভাবে কাজ করছে।

এসআর

সম্পর্কিত খবর