[email protected] সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানের মান মূল্যায়নে র‍্যাংকিং পদ্ধতি চালুর চিন্তা সরকারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ৭:০৫ এএম

সংগৃহীত ছবি

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন ও জবাবদিহিতা বাড়াতে নতুন একটি র‍্যাংকিং ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার।

নির্দিষ্ট কিছু সূচকের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের ফলাফল মূল্যায়ন করে এই র‍্যাংকিং নির্ধারণ করা হবে।


বৃহস্পতিবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসব বিষয় মাথায় রেখেই একটি কার্যকর র‍্যাংকিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক মান মূল্যায়ন করা যায়।
তিনি জানান, শিক্ষার পরিবেশ, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার্থীদের ফলাফলের মতো বিভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করে এই মূল্যায়ন করা হবে। এর ফলে শিক্ষা খাতে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে এবং প্রতিষ্ঠানগুলো নিজেদের মান উন্নয়নে আরও উৎসাহী হবে।


সভায় মন্ত্রী অতীতের একটি উদ্যোগের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বল্প সময়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে শিক্ষকদের জন্য ৫০ শতাংশ বেতন সুবিধা চালু করেছিলেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অডিট ব্যবস্থার সূচনা করেছিলেন, যা প্রশাসনিক শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সহায়ক ছিল।


শিক্ষা খাতে দুর্নীতি ও অনিয়ম রোধে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ভূমিকার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা শিক্ষা মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।


এ সময় বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কথা বিবেচনায় সরকারি দপ্তরগুলোকে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশও দেন মন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সংযমী হওয়া, অফিসিয়াল গাড়ি ব্যবহারে শেয়ারিং ব্যবস্থা চালু করা এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নির্ধারিত তাপমাত্রায় ব্যবহারের বিষয়েও তিনি গুরুত্ব দেন।

এসআর

সম্পর্কিত খবর