ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদ প্রধান বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।
দলটির পক্ষ থেকে এ বিষয়ে জামায়াতে ইসলামকে প্রার্থী নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয়েছে এবং সেই সমঝোতার আলোকে ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলের জন্য রাখার নীতিগত সিদ্ধান্ত রয়েছে।
তিনি বলেন, প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে এবং সরাসরি সাক্ষাতে জানানো হয়েছে, তারা যেন ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করে।
একই দিনে স্পিকার নির্বাচনের পাশাপাশি ডেপুটি স্পিকারও নির্বাচিত হওয়ার বিষয়টি তারা প্রত্যাশা করেন।
উচ্চকক্ষ গঠন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সেটি আলোচনাসাপেক্ষ বিষয়। তবে জুলাই জাতীয় সনদের নির্দেশনা অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকেই হওয়ার কথা।
সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এটি ‘সদিচ্ছার প্রস্তাব’ হিসেবে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এসআর