[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

নতুন দায়িত্বে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:১৬ পিএম

সংগৃহীত ছবি

দেশব্যাপী নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রমকে সমন্বিতভাবে এগিয়ে নিতে আট সদস্যের একটি বিশেষ সেল গঠন করেছে সরকার।

২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সেলটি সারাদেশে এ সংক্রান্ত কার্যক্রম তদারকি ও সমন্বয় করবে।

নবগঠিত সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবদের।

এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকও সদস্য হিসেবে থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সেলটি নদী-খাল-জলাশয় খনন কার্যক্রমের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।

বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার চলমান প্রকল্পের মধ্যে সমন্বয় নিশ্চিত করা, কাজের অগ্রগতি পর্যালোচনা এবং উদ্ভূত সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়াও তাদের দায়িত্বের মধ্যে থাকবে। পাশাপাশি জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে প্রচারমূলক উদ্যোগ নেওয়া হবে।


প্রয়োজনে আলোচনার ভিত্তিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। সেলের প্রশাসনিক ও দাপ্তরিক সহায়তা দেবে পানি সম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই এ আদেশ কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর