[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

একুশে পদক-২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৮ এএম

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিত্বদের হাতে ‘একুশে পদক-২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি এ সম্মাননা প্রদান করেন।

রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ এ আয়োজনে মন্ত্রিসভার সদস্য, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


এ বছর বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মোট ৯ জন গুণী ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক’ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।


সংস্কৃতি মন্ত্রণালয়ের ঘোষিত তালিকা অনুযায়ী, অভিনয়ে সম্মাননা পেয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। স্থাপত্যে স্বীকৃতি পেয়েছেন প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম। সংগীতে (মরণোত্তর) পদক পাচ্ছেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু।


নৃত্যে স্বীকৃতি অর্জন করেছেন অর্থী আহমেদ এবং পালাগানে সম্মানিত হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা পেয়েছেন শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি পেয়েছেন অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে নির্বাচিত হয়েছেন তেজস হালদার জস।
এ ছাড়া সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কেও ‘একুশে পদক-২০২৬’-এ ভূষিত করা হয়েছে।


অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দিয়ে প্রধানমন্ত্রী তাদের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর