রাজধানীর মেট্রোরেল স্টেশন এলাকায় পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের ভিডিও ধারণ, লাইভ স্ট্রিমিং বা কনটেন্ট তৈরি করা যাবে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেল স্টেশন, প্ল্যাটফর্ম, কনকোর্স হল, প্রবেশ ও বের হওয়ার পথ এবং ট্রেনের ভেতরে অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বা এ ধরনের কোনো কনটেন্ট তৈরি ও প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
বিশেষ করে ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য শর্ট ভিডিও, ভ্লগ, লাইভ সম্প্রচার কিংবা ব্যক্তিগত বা বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিংয়ের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, অনুমতি ছাড়া এসব কার্যক্রম পরিচালনা করলে প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং বা ফটোগ্রাফি করতে চাইলে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করতে হবে। নির্ধারিত প্রক্রিয়ায় আগাম আবেদন করে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
ডিএমটিসিএল জানায়, যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: