[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

১৫ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ৭:২৩ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনি ব্যয়ের বিস্তারিত হিসাব জমা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ সংক্রান্ত নির্দেশনা বুধবার (২৫ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করতে হবে।

পরে এসব হিসাব একত্র করে আগামী ২৫ মার্চের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের নাম গেজেট আকারে প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নাম-ঠিকানাসহ গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।


ইসি আরও জানিয়েছে, ব্যয়ের হিসাব দাখিল নিশ্চিত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারি করা পরিপত্র-১৮ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে দুই হাজারের বেশি প্রার্থী অংশ নেন। আগামী মধ্য মার্চের মধ্যেই তাদের সবাইকে ব্যয়ের হিসাব জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর