তারেক রহমান নতুন পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দায়িত্বভার গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির-এর কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান ও অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালনকারী আলী হোসেন ফকিরকে পুলিশের মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তা অতীতে রাজনৈতিক প্রেক্ষাপটে চাকরি থেকে অব্যাহতি ও পরবর্তী সময়ে বাধ্যতামূলক অবসরের মুখোমুখি হন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে পুনর্বহাল করে এসপি পদমর্যাদা প্রদান করে।
পরে তিনি সুপারনিউমারি পদে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। সর্বশেষ তাকে দেশের সর্বোচ্চ পুলিশ পদে দায়িত্ব দেওয়া হলো।
এসআর
মন্তব্য করুন: