[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

পিলখানা ঘটনায় নতুন তদন্ত কমিশনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৪ এএম

সংগৃহীত ছবি

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তার ভাষ্য, ইতোমধ্যে গঠিত কমিশনই প্রয়োজনীয় তদন্ত সম্পন্ন করেছে।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


মন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত জাতীয় কমিশন তদন্ত কার্যক্রম পরিচালনা করে প্রতিবেদন জমা দিয়েছে। তবে সেই প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে তৎকালীন সরকার দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ রয়েছে এবং যেসব মামলা বর্তমানে বিচারাধীন, সেগুলোর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি অন্যান্য সুপারিশও পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সেনা দিবস পালনের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। তিনি উল্লেখ করেন, পিলখানার ঘটনা দেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।


২০০৯ সালে রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তরে সংঘটিত ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। ঘটনাটি পরবর্তীতে দেশের অন্যতম আলোচিত ও মর্মান্তিক অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর