রাজধানীতে অপহরণের শিকার এক স্কুলছাত্রকে প্রায় এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের পক্ষ থেকে সরাসরি অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে জানা গেছে।
ঘটনাটি মঙ্গলবার দুপুরের। অপহৃত কিশোর খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল-এর নবম শ্রেণির শিক্ষার্থী।
দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটির পর কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক ধরে জোড়পুকুর এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে শারীরিকভাবে নির্যাতন করে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
শিশুটির বাবা সচিবালয়ের কর্মচারী। ছেলের অপহরণের খবর পেয়ে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বিষয়টি জানান। পরে প্রধানমন্ত্রী সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত উদ্ধার অভিযানের নির্দেশ দেন।
রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, অপহরণকারীরা যে নম্বর থেকে যোগাযোগ করেছিল, সেই সূত্র ধরে পুলিশ কৌশলে তাদের সঙ্গে কথা চালিয়ে যায় এবং অবস্থান শনাক্ত করে। নির্দিষ্ট ভবনে অভিযান চালিয়ে কিশোরকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, শিশু অপহরণের খবর পাওয়ার পরপরই তিনি দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: